মন্ত্রিসভা কমিটির বৈঠক
আরো চড়া দামে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরো চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনছে সরকার। এবার দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এক কার্গোর জন্য প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার। অপর কার্গোর ক্ষেত্রে দাম প্রতি ইউনিট ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
এর আগে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ডিসেম্বরেও প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারে নিচে কিনতে পেরেছিল সরকার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজি’র দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।
অন্যদিকে, ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৭তম কার্গো এলএনজি সরবরাহ করবে টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, যুক্তরাজ্য। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
এর আগে ১৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৩৯ কোটি ৫২ লাখ টাকা।
