৬ বছরের শিশু ধর্ষণের দায়ে কারাগারে সুমন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলী রয়েল সিটি পকেট গেটসংলগ্ন একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
থানা-পুলিশের বরাতে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসে। পরে শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার
হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এডিসি আরো বলেন, শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে। শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা গত বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই ওসমান গণি, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল গ্রেপ্তার সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
