এনবিআরের সবাই চাঙা রাজস্ব আদায়ে আশাবাদী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিদায়ী অর্থবছরের প্রকৃত রাজস্ব আদায়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে দেয়া হয়েছে, তা অর্জনে আশাবাদী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব আদায় ইনশাআল্লাহ ভালো হবে। এনবিআরের সবাই চাঙ্গা। ইনশাআল্লাহ রাজস্বের যে টার্গেট আমরা দিয়েছি সেটা পূরণ হবে।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের বিভিন্ন চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত আদায়ের পরিসংখ্যান মেলেনি এখনো। এটি ৪ লাখ কোটি টাকার আশেপাশে থাকতে পারে আগেই এনবিআর তথ্য দিয়েছে।
সৌদি চেম্বারের সঙ্গে আলোচনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে যেভাবে আমরা কাজ করতেছি সেটা হলো, সৌদি আরবে এখন যারা আছে, যারা অদক্ষ, তাদের দক্ষ করার জন্য একটা প্রক্রিয়া নিয়েছেন। ওটাতে ওনারা কাজ করছেন। এছাড়া সৌদির সঙ্গে রিয়াদের সঙ্গে যে ব্যবসার জন্য ওনারা কাজ করছেন, সেখানে আর্থিক সহায়তায় আমরা কী করতে পারি (সে সব আলোচনা হয়েছে)।
আমির খসরু বলেন, আর আমি একটা কথা বারবার বলছি, ফাইনান্সিং আর্কিটেকচার কিন্তু পরিবর্তন হয়ে গেছে সরকারের। এজন্য ভিন্নভাবে অর্থায়নের জন্য আমরা সব জায়গায় দেখছি। সৌদির সঙ্গে কী সুযোগ আছে সেটাও দেখছি।
এ সময় টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএম-এর সঙ্গে আলোচনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তাদের দাবি- এগুলো আসলে অনেকদিন এসেছে। অনেকদিনের, কিছু সমস্যার সমাধান হয়েছে। আর বাকি সমস্যা ওনারা বলবেন আমরা দেখব। আমরা তো চাই আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে দাঁড় করাতে। অর্থনীতি দাঁড়াতে হলে... ইন্ডাস্ট্রি ভালো করতে হবে, ভালো না করলে আমাদের অর্থনীতি দাঁড়াবে না। সুতরাং এটার ওপর নির্ভর করছে আমাদের আগামী দিনের প্রবৃদ্ধি কী রকম হবে, কর্মসংস্থান কী হবে।
এজন্য শিল্পের যে সুবিধা-অসুবিধা আছে সেগুলো তো আলোচনা করতে হবে, এ কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেছেন, তো আমরা অব্যাহতভাবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, তাদের কোথায় সমস্যা আছে, কী সমস্যা আছে, কীভাবে সমাধান দেয়া যায়, সেগুলো আলোচনা করছি। আমি ইতোমধ্যে অনেক নিয়ন্ত্রণ শিথিল করেছি। এরপরও যদি কোনো সমস্যা থাকে এগুলো আলোচনা হচ্ছে। এগুলো অনবরত সমাধান হচ্ছে এবং হতে থাকবে।
অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের সাক্ষাতের সময় অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
