×

খেলা

ঝুঁকিতে বিশ্বকাপের খেলোয়াড়-দর্শক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝুঁকিতে বিশ্বকাপের খেলোয়াড়-দর্শক

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে ফুটবলের উত্তাপকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে প্রকৃতির উত্তাপ। যুক্তরাষ্ট্রের পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে খেলোয়াড়, কোচ, ম্যাচ কর্মকর্তা এবং গ্যালারিতে থাকা হাজারো দর্শকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ফিলাডেলফিয়ার উন্মুক্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ ষোলোর ম্যাচকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে গরম ও ঝুঁকিপূর্ণ ম্যাচে পরিণত হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার সম্মিলিত প্রভাবে অনুভূত তাপমাত্রা ৩৭ দশমিক ৭ থেকে ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এমন পরিস্থিতি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার পাশাপাশি দর্শকদের জন্যও বড় ঝুঁকি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি সপ্তাহেই নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খেলতে হয়েছে ফুটবলারদের। প্রচণ্ড গরমে ফ্রান্সের খেলোয়াড়দের অনুশীলনের সময় মাঠের পানি ছিটানোর যন্ত্র দিয়ে শরীর ঠান্ডা করতে দেখা গেছে। বিশ্বকাপ শুরুর পর থেকেই বিভিন্ন দলের খেলোয়াড়দের বরফ, ঠান্ডা তোয়ালে ও বিশেষ কুলিং ব্যবস্থার সাহায্য নিতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতির পেছনে জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য বলছে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্ব আবহাওয়া বিজ্ঞানীদের সংগঠনও এই নজিরবিহীন তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব হিসেবে উল্লেখ করেছে।

এদিকে গরম মোকাবিলায় ফিফার বিদ্যমান নিরাপত্তানীতিও প্রশ্নের মুখে পড়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের সম্মিলিত সূচক পৌঁছালে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা যায়। তবে চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, এই সীমা অত্যন্ত বেশি। তাদের ভাষ্য, এমন তাপমাত্রায় দীর্ঘ সময় দৌড়ঝাঁপ করলে শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে হিট স্ট্রোক, পানিশূন্যতা, পেশিতে টান, মাথা ঘোরা, বমি বমি ভাব এমনকি প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে।

খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন এবং ক্রীড়া চিকিৎসাবিদদের একটি অংশ ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিতের দাবি তুলেছে। তাদের মতে, খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব না দিলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

চরম গরমের সঙ্গে মানিয়ে নিতে দলগুলোও নতুন প্রস্তুতি নিয়েছে। কেউ সৌনা ও গরম পানির স্নানের মাধ্যমে শরীরকে উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, আবার কেউ অনুশীলনের সময়সূচি পরিবর্তন করেছে। কোচদের ধারণা, অতিরিক্ত গরমে খেলোয়াড়রা স্বাভাবিকের তুলনায় কম দৌড়াবেন এবং কৌশলনির্ভর ছোট ছোট পাসের ওপর বেশি গুরুত্ব দেবেন।

মাঠের বাইরে দর্শকদের নিরাপত্তাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় রোদের মধ্যে অবস্থান, পানিশূন্যতা এবং অ্যালকোহল গ্রহণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এ কারণে আয়োজক শহরগুলোতে অতিরিক্ত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত বিশ্রামকেন্দ্র এবং চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে ওঠা এই তীব্র তাপপ্রবাহের সঙ্গে আয়োজক ও অংশগ্রহণকারীরা কতটা সফলভাবে লড়তে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

নোয়াখালী চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App