স্পেন কোনো দলকেই ভয় পায় না: ইয়ামাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আসল রূপে ফিরছে স্পেন। নকআউট পর্বের প্রথম ম্যাচেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা জানিয়ে দিয়েছে, শিরোপার লড়াইয়ে তারা অন্যতম দাবিদার। এই দাপুটে জয়ের পর দলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তরুণ তারকা লামিন ইয়ামালের কণ্ঠেও। তার স্পষ্ট ঘোষণা, স্পেন কোনো দলকেই ভয় পায় না। শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই অস্ট্রিয়ার ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে স্পেন। প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ২৩টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে অস্ট্রিয়া পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। পরিসংখ্যানই বলে দেয়, পুরো ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান কতটা ছিল। স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। আর একটি গোল করেন পেদ্রো পররো। তবে গোল না করেও ম্যাচজুড়ে আক্রমণভাগে গতি, সৃজনশীলতা ও চাপ ধরে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তার উপস্থিতিই স্পেনের আক্রমণকে আরো ধারালো করে তোলে। ম্যাচ শেষে ইয়ামাল বলেন, এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তার ভাষায়, এখন প্রয়োজন বিশ্রাম নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া এবং প্রতিটি ধাপে নিজেদের আরো উন্নত করা।
স্পেনের এই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ ছিল তার একটি মন্তব্যে। ইয়ামাল বলেন, ‘আমরা কোনো দলকে ভয় পাই না।’ এই একটি বাক্যই যেন স্প্যানিশ শিবিরের বর্তমান মানসিকতার প্রতিচ্ছবি। প্রতিপক্ষ যেই হোক, নিজেদের ফুটবল খেলেই জয় তুলে নেয়ার বিশ্বাস রাখছে দলটি। স্পেনের পরবর্তী প্রতিপক্ষ পর্তুগাল। ম্যাচ শেষে ইয়ামাল তখনো জানতেন না শেষ ষোলোর প্রতিপক্ষ কারা হবে। তবে পর্তুগালের বিপক্ষে খেলতে হলে সেটিকে সম্মানের বলেই উল্লেখ করেন তিনি। বিশেষ করে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাকে নিজের জন্য গর্বের বিষয় বলে মনে করেন এই তরুণ ফরোয়ার্ড। তবে ব্যক্তিগত অনুভূতির চেয়েও ইয়ামালের চোখ এখন বড় স্বপ্নে। তার মতে, একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ জয়ের চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। ছোটবেলা থেকেই প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার, আর সেই স্বপ্ন পূরণ করতেই এগিয়ে যেতে চায় স্পেন। অস্ট্রিয়ার বিপক্ষে আধিপত্যপূর্ণ জয়, আক্রমণভাগের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং তরুণদের আত্মবিশ্বাস- সবকিছু মিলিয়ে স্পেন আবারো শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয়, ইয়ামালের আত্মবিশ্বাস মাঠেও একইভাবে ধরে রেখে পর্তুগালের বাধা পেরিয়ে আরো এক ধাপ এগোতে পারে কি না স্পেন।
