নেপালকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল আরেকটি জয়। অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া ছিল নেপাল। সেই লক্ষ্য নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সফরকারীরা।
প্রথমার্ধে দুই দলের লড়াইও হয়েছে বেশ জমজমাট। তবে বিরতির পর নিজেদের গুছিয়ে নিয়ে দাপুটে পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত নেপালকে ৩৪-২২ পয়েন্টে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।
মঙ্গলবার ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বেশ চাপের মধ্যেই খেলতে হয়েছে স্বাগতিকদের। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে নেপাল। একপর্যায়ে ৮-৪ পয়েন্টে এগিয়েও যায় তারা। তবে ঘরের মাঠের সমর্থন আর নিজেদের সামর্থ্যে আস্থা রেখে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়ানোর পাশাপাশি রক্ষণেও নিজেদের সংগঠিত করে নেয় বাংলাদেশ। ফলে ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত ১৩-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় বৃষ্টি-শ্রাবণীরা। প্রথমার্ধে দুই দলের ব্যবধান ছিল মাত্র দুই পয়েন্টের। বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরো ধারালো হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ধীরে ধীরে ব্যবধান বাড়াতে থাকে স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশের শক্ত রক্ষণ ভেদ করে নিয়মিত পয়েন্ট আদায় করতে ব্যর্থ হয় নেপাল। সময় যত গড়িয়েছে, ততই ম্যাচ থেকে ছিটকে পড়েছে সফরকারীরা। শেষ পর্যন্ত ৩৪-২২ পয়েন্টের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১২ পয়েন্টের ব্যবধানে পাওয়া এই জয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। তার পারফরম্যান্সও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঁচ ম্যাচের সিরিজে দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ২৫-২০ পয়েন্টে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ম্যাচে আবারো নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয় বাংলাদেশ। ৩১-২৩ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর মঙ্গলবার চতুর্থ ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য সিরিজ জয়ের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ, আর নেপালের জন্য ব্যবধান কমানোর শেষ সুযোগ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বৃহস্পতিবার আবারো মুখোমুখি হবে দুই দল। শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজটি আরো দাপটের সঙ্গে শেষ করতে চাইবে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে নেপাল চাইবে অন্তত শেষ ম্যাচটি জিতে দেশে ফেরার আগে কিছুটা সান্ত¡না পেতে।
