×

খেলা

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বরণে মাদ্রিদে জনস্রোত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে  বরণে মাদ্রিদে জনস্রোত

বিশ্বকাপ জয়ের আনন্দে যেন পুরো স্পেনই উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা লুইস দে লা ফুয়েন্তের দলকে বরণ করে নিতে রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ১৮ লাখ মানুষ। পতাকা, গান, নাচ আর উচ্ছ¡াসে প্রিয় দলকে বরণ করে নেন স্প্যানিশরা। বিশ্বকাপ ট্রফি হাতে বীরের সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা গোলেই আসে ঐতিহাসিক জয়। শিরোপা জয়ের পর দেশে ফিরে সোমবার দিনভর নানা আনুষ্ঠানিকতা ও উৎসবের মধ্য দিয়ে কাটে বিশ্বচ্যাম্পিয়নদের।

দেশে ফেরার পর প্রথমে রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এরপর তারা যান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করতে। বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দর ফুটবল, অদম্য প্রচেষ্টা এবং এই অবিস্মরণীয় জয়ের জন্য কোচ ও খেলোয়াড়দের অশেষ ধন্যবাদ। আপনাদের খেলা দেখে আমরা সত্যিই ভীষণ আনন্দিত।

এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত বিজয় শোভাযাত্রা। একটি ছাদখোলা বাসে করে মাদ্রিদের রাজপথে যাত্রা করেন বিশ্বচ্যাম্পিয়নরা। খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো বাসটির গায়ে লেখা ছিল- ‘একসঙ্গে জ্বলে ওঠে তারকারা’। বিশ্বকাপ ট্রফি হাতে এবং ‘সোমোস ক্যাম্পিওনেস’ অর্থাৎ ‘আমরাই বিজয়ী’ লেখা টি-শার্ট পরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন ফুটবলাররা।

শোভাযাত্রা শুরুর আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘এমন একটি দুর্দান্ত দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা আত্মহারা, আনন্দিত।’ তার কথার প্রতিধ্বনি যেন শোনা যায় মাদ্রিদের রাস্তায়। শোভাযাত্রার পুরো পথে ছিল মানুষের ঢল। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, মূল সংবর্ধনা স্থল সিবেলেস স্কয়ারে অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে প্রায় ১৮ লাখ মানুষের উপস্থিতিতে পরিণত হয় বিজয় উৎসব।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে। মঞ্চে ওঠার আগে একে একে পরিচয় করিয়ে দেয়া হয় দলের প্রতিটি সদস্যকে। নিজের ২৫তম জন্মদিনে বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে প্রবেশ করেন অ্যালেক্স বায়েনা। পরে সতীর্থরা কোচ দে লা ফুয়েন্তেকে কাঁধে তুলে নেচে-গেয়ে উদযাপন করেন বিশ্বকাপ জয়।

উৎসবে যোগ দেন স্পেনের জনপ্রিয় সংগীতশিল্পীরাও। একপর্যায়ে স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াসকে দেখা যায় ডিজের ভূমিকায়। এরপর আইতানা, আনা মেনা ও লোলা ইন্দিগোর পরিবেশনায় আরও জমে ওঠে বিজয় উদযাপন। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে উৎসবের সমাপ্তি টানেন খেলোয়াড়রা।

তবে উদযাপন শুধু মাদ্রিদেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বকাপ জয়ের পর রবিবার রাত থেকেই স্পেনের বিভিন্ন শহরে শুরু হয় উৎসব। রাজধানীর পুয়ের্তা দেল সোলসহ বিভিন্ন চত্বরে স্প্যানিশ পতাকা হাতে হাজারো মানুষ গান, নাচ ও আতশবাজিতে মেতে ওঠেন। অনেক সমর্থক সোমবার ভোর পর্যন্ত রাস্তায় থেকে উদযাপন করেন প্রিয় দলের ঐতিহাসিক সাফল্য।

এই বিশ্বকাপ জয় স্পেনের ফুটবলে তৈরি করেছে নতুন ইতিহাসও। ২০২৩ সালে নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষ বিশ্বকাপ জয়ের মাধ্যমে প্রথম দেশ হিসেবে একই সময়ে নারী ও পুরুষ- দুই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

ফলে দে লা ফুয়েন্তের দলের এই সাফল্য শুধু একটি বিশ্বকাপ জয় নয়, স্প্যানিশ ফুটবলের জন্য হয়ে উঠেছে এক অনন্য ঐতিহাসিক অর্জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App