বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। ফিফার গোল্ডেন বল উঠেছে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে। তবে এবার আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) বেছে নিল লিওনেল মেসিকে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পারফরম্যান্স ইনডেক্সের ভিত্তিতে আর্জেন্টাইন অধিনায়ককেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি।
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টে মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ফাইনালের আগ পর্যন্ত সাত ম্যাচে তার ৮ গোল ও ৪ অ্যাসিস্ট তাকে গোল্ডেন বলের অন্যতম বড় দাবিদার করে তুলেছিল। শেষ পর্যন্ত ফিফার পুরস্কার না পেলেও আইএফএফএইচএসের স্বীকৃতিতে সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি মিলল। আইএফএফএইচএস জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচিতি কিংবা আবেগের ভিত্তিতে নয়, নিজেদের ডেটা-পারফরম্যান্স সূচকের ওপর ভিত্তি করেই মেসিকে সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে। এই সূচকে টুর্নামেন্টজুড়ে একজন খেলোয়াড়ের ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং দলের পারফরম্যান্সে তার সামগ্রিক প্রভাব বিবেচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেয়া হয় নকআউট পর্বের পারফরম্যান্সকেও।
সংস্থাটির মূল্যায়নে, গুরুত্বপূর্ণ ম্যাচে একজন খেলোয়াড়ের প্রভাবই তার প্রকৃত সামর্থ্যরে বড় মাপকাঠি। সেই বিবেচনায় নকআউট পর্বে আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার পথে মেসির অবদান ছিল গুরুত্বপূর্ণ। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি গোল ও গোলে সহায়তার সংখ্যাতেও তিনি ছিলেন এগিয়ে।
আইএফএফএইচএসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে আট ম্যাচ খেলে মেসি করেছেন ৮ গোল, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট। তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩। এসব পরিসংখ্যানের পাশাপাশি প্রতিটি ম্যাচে তার সামগ্রিক প্রভাব এবং নকআউট পর্বে পারফরম্যান্সের গুরুত্ব বিবেচনা করেই এই স্বীকৃতি দেয়া হয়েছে।
ফিফার গোল্ডেন বল এবং আইএফএফএইচএসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির মধ্যে পার্থক্য থাকলেও মেসির জন্য এটি নিঃসন্দেহে বড় অর্জন। কারণ, ফিফার পুরস্কারে রদ্রি এগিয়ে থাকলেও একটি স্বাধীন আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান সংস্থা ডেটা বিশ্লেষণের ভিত্তিতে মেসিকেই সেরা হিসেবে মূল্যায়ন করেছে।
৩৯ বছর বয়সে নিজের শেষ বিশ্বকাপগুলোর একটিতে এসে মেসির এমন পারফরম্যান্স তাই আলাদা গুরুত্ব পাচ্ছে। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে তার নেতৃত্ব ও মাঠের অবদান ছিল উল্লেখযোগ্য। শিরোপা জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আবারো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফিফার গোল্ডেন বল রদ্রির হাতে উঠলেও আইএফএফএইচএসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা মেসি। ফলে বিশ্বকাপের ব্যক্তিগত সেরা খেলোয়াড়ের স্বীকৃতি নিয়ে বিতর্কের মধ্যেই মেসির পাশে যোগ হলো আরেকটি আন্তর্জাতিক সম্মান।
