এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি : সংগৃহীত
দেশব্যাপী চলমান বৈরী আবহাওয়া, টানা বর্ষণ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত ও পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবারও (১৩ জুলাই) পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। এতে অনেক পরীক্ষার্থী যাতায়াত ও স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হতে পারে।
বিবৃতিতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে কোনো পরীক্ষা বড় হতে পারে না এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
সংগঠনটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে। তাই শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা, সমতা ও মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণারও দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন হলে বাংলাদেশ ছাত্রপক্ষ রাজপথ থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের সব পর্যায়ে গণদাবি জোরদার করার ঘোষণা দিয়েছে।
