মার্কিন সিনেটরের দাবি
যুদ্ধে জড়িয়ে আটকে গেছেন ট্রাম্প, মিলছে না মুক্তির পথ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল নেই এবং তার নেতৃত্বে শৃঙ্খলারও ঘাটতি রয়েছে।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে শুমার দাবি করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যেখান থেকে বের হওয়ার কোনো পরিষ্কার পথ এখনো দেখা যাচ্ছে না। তার মতে, যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের কৌশলগত দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
শুমার বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে, যেখানে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে সাধারণ মার্কিন নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, নিহত বেড়ে ১৩২
মার্কিন এই সিনেটর আরও বলেন, কার্যকর কূটনৈতিক আলোচনায় বসতে ট্রাম্পের ব্যর্থতা পরিস্থিতি সমাধানের পথকে আরও কঠিন করে তুলেছে। তার ভাষায়, ট্রাম্পের নেতৃত্বে কৌশলগত দুর্বলতা ও শৃঙ্খলার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
শুমার ট্রাম্পের নেতৃত্বকে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধ করে সংঘাতের কারণে তৈরি হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে শুমারের এই বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে। যুদ্ধের লক্ষ্য, কৌশল এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক চাপও ক্রমেই বাড়ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
