যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিদ্যুৎহীন ৯ লক্ষাধিক মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত শক্তিশালী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক ও সেতু। মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী তুষারপাত হয়েছে।
বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডও ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঝড়ের প্রভাবে নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি নামতে শুরু করেছে। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানান, কিছু রাস্তায় এখনো পানি জমে আছে। নিচু এলাকাগুলোতে প্রায় ২ থেকে ৩ ফুট পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিছু সড়ক এখনো বন্ধ রয়েছে।
ভার্জিনিয়ার বিভিন্ন শহরেও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করেছে জরুরি সেবাকর্মীরা। নরফোক শহরে ফায়ার সার্ভিস ৩৯ জনকে উদ্ধার করেছে। ভার্জিনিয়া বিচ এলাকায়ও ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। পয়োসন শহরে বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব উদ্ধার অভিযানে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিদ্যুৎহীন ৯ লাখের বেশি গ্রাহক
যুক্তরাষ্ট্রজুড়ে দুটি পৃথক ঝড়ের প্রভাবে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
মিসৌরিতে ভারী ও ভেজা তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কয়েকটি স্থানে তুষারপাতের পরিমাণ ১৪ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হচ্ছে। মধ্য টেনেসির কিছু এলাকায় ২ থেকে ৪ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মেমফিসে অন্তত ৭০ বছরের মধ্যে থ্যাংকসগিভিংয়ের দিনে প্রথমবার তুষারপাত হয়েছে।
বিমান ও রেল চলাচলে বিঘ্ন
ঝড়ের কারণে বিমান চলাচলেও বিপর্যয় দেখা দিয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে গ্রাউন্ড স্টপ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকার কথা।
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর সংযোগকারী উড়াল ট্রেন বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে বাস চালানো হচ্ছে।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ারের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সমুদ্রের ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় উপকূলীয় রেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
সামনের দিনগুলোতেও ঝড়ের আশঙ্কা
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পরে ঝড়টি দক্ষিণ দিকে সরে মধ্যাঞ্চলের রকি পর্বতমালায় তুষারপাত ঘটাতে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যস্ততম দিনগুলোর একটি। ওই দিন লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলেও ঝড় ভ্রমণে বিঘ্ন ঘটাতে পারে।
এদিকে পশ্চিম উপকূলেও শনিবার রাতে আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। পূর্ব ওয়াশিংটন থেকে বে এরিয়া পর্যন্ত ভ্রমণে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
