প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি : ভোরের কাগজ
দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রধান শিক্ষক মাহমুদা আক্তারকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সংবর্ধনা শেষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করে তাঁকে প্রাইভেটকারে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এসএমসি কমিটি ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। বিদ্যালয়ের এসএমসি সভাপতি দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম।
শিক্ষক মোহাম্মদ হাসিব আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মাহমুদা আক্তারের স্বামী সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবক ছোটন মিয়াসহ অন্যরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এসএমসি কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষক মাহমুদা আক্তার বলেন, 'আজ জীবনের একটি স্মরণীয় দিন। এভাবে সম্মানিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও সবার প্রতি কৃতজ্ঞ। বিদায় বেদনার হলো আমি সবসময় চাইতাম যেন এমন সুন্দরভাবে যেতে পারি।'
অনুষ্ঠান শেষে অতিথিরা মাহমুদা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাইভেটকারে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মাহমুদা আক্তার অবসরে যান।
