জামায়াত সেক্রেটারি
প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী আহূত সংলাপে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আহ্বান করা সংলাপেও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দিয়েছে। সেখানেও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। সময়সূচি চূড়ান্ত হলে তা জানানো হবে।
সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সংলাপের উদ্যোগের সূচনা তাঁদের পক্ষ থেকেই হয়েছে। তাই আনুষ্ঠানিক আমন্ত্রণ এখানে মুখ্য বিষয় নয়। খুব শিগগিরই বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হবে। বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় তারিখ চূড়ান্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।
এ সময় শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দেশটির সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ অবস্থানের তীব্র নিন্দা জানান তিনি।
