ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে এসব দাবি তুলে ধরবে সংসদের প্রধান বিরোধী দলটি।
জামায়াতের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নই জাতীয় ঐক্যের প্রধান শর্ত। জুলাই সনদ মেনে নেওয়া হলে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ইস্যুতে সরকারের পাশে থাকার বিষয়ে প্রস্তুত দলটি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হলেও বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়ে দলীয় অবস্থান ও করণীয় নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলীয় মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা চলছে। তবে জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় জোটের প্রতিনিধিদের নিয়ে একসঙ্গে বসতে চায়। এ জন্য নিরপেক্ষ স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছে দলটি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নিয়ে জোটে কোনো অসন্তোষ নেই বলেও জানান তিনি।
একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য সম্ভব নয়। সংলাপ হলে জামায়াত একা নয়, ১১ দলীয় জোটের প্রতিনিধিদের নিয়েই অংশ নেবে।
জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে জামায়াত। দলটির নেতাদের মতে, গণভোটে সনদের পক্ষে দেওয়া প্রায় ৭০ শতাংশ ভোটারের রায় উপেক্ষা করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দেখিয়ে এ রায় অগ্রাহ্য করা যায় না। সংবিধান সংস্কার নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও সমালোচনা করেছে দলটি।
জামায়াত নেতাদের দাবি, জাতীয় ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট গোষ্ঠী নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের সুযোগ পাচ্ছে। তাঁদের মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের কার্যকারিতা নিশ্চিত করা। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও দলটির দাবির তালিকায় রয়েছে।
এর আগে ১৮ নভেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তাব দেন। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। তবে ১১ দলীয় জোটের কয়েকটি শরিক দলের নেতারা জোটের মতামত উপেক্ষা করে এনসিপির এককভাবে বৈঠকে অংশ নেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের প্রস্তুতির মধ্যেই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে ২৫ নভেম্বর দেশে ফেরেন। প্রাথমিক সফরসূচি অনুযায়ী তাঁর ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়ার এক দিনের সফর বাতিল করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন তিনি। দলটির পক্ষ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়া সফরে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে গণভোটের রায় মেনে নেওয়ার দাবি জানাবে জামায়াত। তাঁর মতে, এই রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দল কোনো ছাড় দেবে না।
জামায়াতের মজলিশে শূরা সদস্য ও সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলামও বলেন, জুলাই সনদ বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন। এটি উপেক্ষা করা হলে জনগণের সঙ্গে প্রহসন করা হবে। গণরায়ের প্রতি শ্রদ্ধা থেকেই দলটি এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এদিকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন তৈরির জন্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর অভিযোগ, সরকারপ্রধান ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বক্তব্য দায়িত্বশীল অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ৪০ দিনের কর্মসূচি পালন করছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আওতায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়েও পৃথক কর্মসূচি পালন করবে দলটি।
