শীতের মধ্যেই বৃষ্টির আভাস, বাড়বে রাতের তাপমাত্রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম
সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ছবি : সংগৃহীত
শীতের মধ্যেই দেশের উত্তরের বিভাগ রংপুরের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেইসঙ্গে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বুধবার (১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এ কদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরো কমতে পারে।
