ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা বৃষ্টি এবং দুপুরের পর মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
আরো পড়ুন : ৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর জুনের শুরু থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।
ঈদে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
