প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অক্টোবরের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বরের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হলে নদী অববাহিকা ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।
এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপ কিংবা ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদী অববাহিকায় পানি দ্রুত বেড়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।
আন্তর্জাতিক আবহাওয়া মডেল, বায়ুমণ্ডলের ওপরের স্তরের আবহাওয়ার বিন্যাস এবং বিভিন্ন জলবায়ু সূচক বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করা হয়েছে।
সেপ্টেম্বরে বৃষ্টিপাত কমেছে
আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনা অনুযায়ী, গত সেপ্টেম্বরে সারা দেশে স্বাভাবিকের তুলনায় গড়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সাধারণত এ মাসে গড়ে ২০ দিন বৃষ্টিপাত হলেও এবার বৃষ্টি হয়েছে ১৭ দিন।
বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় স্বাভাবিকের চেয়ে ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম ছিল। সবচেয়ে বেশি ঘাটতি ছিল সিলেটে—স্বাভাবিকের তুলনায় ৪৪ দশমিক ৩ শতাংশ কম।
এ ছাড়া ময়মনসিংহে ৩৮ দশমিক ৫ শতাংশ, রংপুরে ৩৮ শতাংশ, রাজশাহীতে ২৪ দশমিক ২ শতাংশ, চট্টগ্রামে ১৭ দশমিক ১ শতাংশ, ঢাকায় ১২ দশমিক ২ শতাংশ এবং বরিশালে ১ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে দুটি পরে মৌসুমি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারত ও মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে যায়।
গত মাসে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ২৮ সেপ্টেম্বর। আর সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় নারায়ণগঞ্জে, ২০ সেপ্টেম্বর। সেপ্টেম্বরে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
