এক ধাক্কায় কত বাড়ল স্বর্ণের দাম?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম
ছবি: সংগৃহীত
বিবাহ কিংবা যেকোনো সামাজিক উৎসবে নারীদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো স্বর্ণালংকার। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে কনের প্রধান অলংকার হিসেবে স্বর্ণ দেওয়ার ঐতিহ্য বহুদিনের। তবে অলংকারের এই বাজারে এখন যেন আগুন লেগেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানেই ভরিতে প্রায় ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (শনিবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। যা গতকাল ছিলো ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
