×

ভর্তি

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কোথাও আগের সময়সূচি বহাল রাখা হয়েছে, আবার কোথাও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী ১ জানুয়ারির পর ভর্তি আবেদন শুরু এবং ১ ফেব্রুয়ারির পর পরীক্ষা আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সময়সূচি জানা গেছে।

কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পেছানোর জন্য ইউজিসি অনুরোধ জানালেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আবেদন থেকে শুরু করে পরীক্ষার সব কার্যক্রম আগের ঘোষণা অনুসারেই চলবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। চারুকলা ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ প্রয়োজন। অন্য শাখা থেকে আবেদনকারীদের জন্য যোগ্যতার শর্ত ভিন্ন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে ভর্তি আবেদনের সময়সীমা অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদন করার সুযোগ দেওয়া হবে।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ দশমিক ৫০ প্রয়োজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় জিপিএর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে ভর্তি আবেদনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মেডিকেল ও ডেন্টাল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ভর্তি নীতিমালা আগামী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনুষ্ঠিত সভায় ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ২১ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৬ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে না।

গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে ভর্তির আবেদন করতে পারবেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকার কথা নয়।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০২৬ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি।

এবার ভর্তির যোগ্যতার ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে ৫ জানুয়ারি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (আর্কিটেকচার) ও ‘এ’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২২ জানুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এইউবি)।

আগে নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৬-এর পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার বিষয়গুলো বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

আগে নির্ধারিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি এখনো বহাল রয়েছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময়ে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষার আয়োজন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App