অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
রাঙামাটির সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত করার কথাও জানানো হয়েছে। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলন বাস্তবায়নকারী গণকমিটি।
মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দীর্ঘদিনের অবরোধে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন জয় চাকমার অভিযোগ, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জোরপূর্বক এসব সংগঠনের কার্যক্রমে যুক্ত করা হচ্ছিল। বিভিন্ন কর্মসূচিতেও তাদের অংশ নিতে বাধ্য করা হচ্ছিল।
তিনি বলেন, একজন কারবারি হিসেবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে তাঁর। সেই দায়বদ্ধতা থেকেই সংগঠনের কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন জয় চাকমা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, সাজেক সড়কে তাঁদের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাবুধন চাকমার দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তাঁদের আন্দোলন ও অবরোধ চলবে।
অন্যদিকে রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জেএসএস কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।
এ ছাড়া মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক এক বিবৃতিতে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানান, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ চলবে। জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রাঙামাটির সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন এ কর্মসূচি শুরু করে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে এখনো যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।
