সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি : সংগৃহীত
সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের সুবিধা দেওয়ার পাশাপাশি অর্থের বিনিময়ে ডিও (আধা সরকারি পত্র) দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফা হট্টগোল ও পাল্টাপাল্টি বক্তব্য হয়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যরাও হইচইয়ে যোগ দেন।
প্রশ্নোত্তর পর্বের শুরুতে গাইবান্ধা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন কৃষি কর্মসূচির তথ্য তুলে ধরেন। পরে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ নিয়ে অভিযোগ উত্থাপন করেন।
প্রশ্ন করার সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি শিরোনাম পড়ে শোনান তিনি। হাসনাত বলেন, সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির। তাঁদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগনি। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের নাম এসেছে। সেই সন্তানও সারের ডিলার হয়েছেন বলে দাবি করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ তোলেন হাসনাত। তাঁর দাবি, দেশজুড়ে সারের ডিলার নিয়োগ নিয়ে এক ধরনের মহোৎসব হয়েছে। কোনো কোনো এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন।
হাসনাত আরও বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার নিজেই একই ধরনের ব্যবস্থা করেছে।
ডিলার নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের আমলের ব্যবসায়ীদের আবার সুযোগ দেওয়ার মতো শর্ত মন্ত্রণালয় পরিকল্পিতভাবে রেখেছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি সারের ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান।
হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, হাসনাত সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মতো হোক। তিনি বলেন, ‘উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, তাহলে ভিন্ন।’
কৃষিমন্ত্রীর এ বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। একপর্যায়ে মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। অন্য সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তাঁর জবাব দিতে অসুবিধা হয়। তাঁর জবাব অপছন্দ হলে আবার প্রশ্ন করার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।
ডিলার নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। প্রথমে স্থানীয় পর্যায়ে আবেদন যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটিও এ কাজে অংশ নেয়।
উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে আবেদনগুলো জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে পাঠানো হয়। ওই কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় আবারও সংসদে হইচই শুরু হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁদের আসনে বসার অনুরোধ জানান। বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, তাঁর বক্তব্য শেষ হলে বিরোধী দলের সদস্যদের সন্দেহ দূর হবে। পরে তিনি জানান, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। কমিটির সদস্যরা আবেদন যাচাই-বাছাই করে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠান। ওই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির সুপারিশের ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
কৃষিমন্ত্রীর বক্তব্যের পর সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগের প্রতিবাদ জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন—এমন অভিযোগ সঠিক নয়। কারও কাছে এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীকে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রমাণ ছাড়া সংসদ সদস্যদের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন চিফ হুইপ। ডিলার নিয়োগ পদ্ধতিতে কোনো ভুল থাকলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনের পরামর্শও দেন তিনি।
এরপর বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সুযোগ চাইলেও স্পিকার কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় বিরোধী দলের সদস্যরা আবারও হইচই করেন।
