×

বরিশাল

জলজ আগাছায় অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইস গেট নির্মাণের দাবি এলাকাবাসীর

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

জলজ আগাছায় অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইস গেট নির্মাণের দাবি এলাকাবাসীর

ছবি : ভোরের কাগজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের গুরুত্বপূর্ণ কাটাখালী খালটি জলজ আগাছা ও বিভিন্ন নাম-না-জানা জলজ উদ্ভিদে ভরে গিয়ে প্রায় অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় চার গ্রামের মানুষের নৌ-যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত খালটি এখন নৌকা ও ট্রলার চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। খালটি পুনরুদ্ধারের পাশাপাশি পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে দ্রুত একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রায় চার কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি খনন করা হয়েছিল। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে পুরো খাল জলজ আগাছায় ঢেকে গেছে। অনেক জায়গায় খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে এলাকার কাঁচা সড়কগুলো কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন খালপথই চার গ্রামের মানুষের একমাত্র ভরসা। কিন্তু আগাছায় ভরে যাওয়ায় নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে যাতায়াত, কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন, এমনকি জরুরি রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আলম দফাদার বলেন, “আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে খারাপ রাস্তার কারণে উপজেলা হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অতিরিক্ত খরচ করে চিকিৎসা করাতে হয়েছে। খালটি চলাচলের উপযোগী থাকলে এত দুর্ভোগ হতো না। পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে একটি স্লুইস গেট নির্মাণ হলে এ সমস্যা অনেকটাই দূর হবে।”

কাটাখালী বাজারের ব্যবসায়ী আল আমিন মৃধা বলেন, “কাটাখালী একটি ঐতিহ্যবাহী বাজার। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা দিয়ে দোকানের মালামাল আনা সম্ভব হয় না। আগে খালপথে নৌকায় পণ্য আনা-নেওয়া করতাম। এখন আগাছার কারণে নৌকাও চলতে পারে না। এতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্লুইস গেট নির্মাণ ও খাল পরিষ্কার না হলে বাজারের ব্যবসা আরও সংকটে পড়বে।”

এলাকাবাসীর দাবি, পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে দ্রুত একটি স্লুইস গেট নির্মাণ এবং কাটাখালী খাল থেকে জলজ আগাছা অপসারণ করা হোক। এতে নৌ-যোগাযোগ পুনরায় সচল হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষা মৌসুমে চার গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম জানান, স্লুইস গেট নির্মাণ প্রকল্পের নকশা (ডিজাইন) ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং ব্যয় প্রাক্কলন (এস্টিমেট) প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন মিললেই নির্মাণকাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের অবহেলায় প্রায় বিলীন হয়ে যাওয়া কাটাখালী খাল দ্রুত পুনরুদ্ধার এবং স্লুইস গেট নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শেখ হাসিনা পরিবারের টাকা পাচার সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App