পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে নতুন বাজারের মামুন মার্কেট এলাকা থেকে যুবদলের পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয়।
অন্যদিকে, নতুন কমিটির নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে আসেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষের মিছিলেই বাধা দেয়।
একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।
আরও পড়ুন: ‘আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে জামায়াত-এনসিপি’
পরে পদবঞ্চিতদের ধাওয়ার মুখে নতুন কমিটির নেতাকর্মীরা পিছু হটেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদল কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে, নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল অভিযোগ করেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, দুই পক্ষকেই শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল। ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। তারা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
