সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি : সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধ ও সতিনের প্রতি ক্ষোভ থেকে নিজের ১০ বছর বয়সী মেয়েকে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সন্দেহের মুখে তাঁর পরিকল্পনা ভেস্তে যায় বলে দাবি এলাকাবাসীর।
উপজেলার কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রবাসী শামীম হাওলাদারের দ্বিতীয় স্ত্রী রুনু বেগম গত মঙ্গলবার (২৩ নভেম্বর) তাঁর মেয়ে আমেনা আক্তার (১০) নিখোঁজ হয়েছে জানিয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে রুনু বেগম জানান, মঙ্গলবার সকালে মেয়েকে তেঁতুলতলা স্কুলে পৌঁছে দিয়ে জরুরি কাজে মঠবাড়িয়া যান তিনি। বিকেলে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী ও বাসিন্দারা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে দ্রুত তা ভাইরাল হয়।
শিশুটির খোঁজ নিতে গিয়ে রুনু বেগমের কথাবার্তায় অসংগতি পান বলে দাবি স্থানীয়দের। পরে শিশুটির চাচার সঙ্গে কথা বলে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শামীম হাওলাদার প্রথম স্ত্রী সালমা বেগমের সঙ্গে প্রায় ২৪ বছর সংসার করার পর রুনু বেগমকে বিয়ে করেন। রুনু বেগমের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। এর আগে তাঁর একবার বিয়ে ও বিচ্ছেদ হয়েছিল। পরে শামীম তাঁকে গোপনে বিয়ে করেন এবং দীর্ঘদিন তিনি বাবার বাড়িতে থাকতেন।
একপর্যায়ে শামীমের বিরুদ্ধে প্রথম স্ত্রী সালমাকে মারধরের অভিযোগ ওঠে। সালমার অভিযোগের পর স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাঁদের বিচ্ছেদ হয়। সে সময় দেনমোহর ও খোরপোশ বাবদ সালমাকে দুই লাখ টাকা দেওয়া হয়। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়ে রুনু বেগমকে ঘরে তোলা হয়।
স্থানীয়দের দাবি, এরপর থেকে রুনু বেগম ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় সালমার কাছ থেকে ওই দুই লাখ টাকা ফেরত আনার কথা বলতেন। এমনকি স্থানীয় নারীদের কাছে তিনি বলতেন, ‘সালমা কীভাবে দুই লাখ টাকা খায়, তা আমি দেখব। টাকা কীভাবে ফেরত আনতে হয়, তা আমি জানি।’
নিখোঁজের এক দিন পর বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাটের এক নারীর ফোনে মেয়ের সন্ধান পেয়েছেন বলে দাবি করেন রুনু বেগম। পরিবারের কাউকে সঙ্গে না নিয়ে একাই বাগেরহাটে যান তিনি। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রথম স্ত্রী সালমা বেগমকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আমেনাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয় বলেও জানা গেছে।
বুধবার বিকেল ৩টার দিকে রুনু বেগম মেয়েকে ফিরে পাওয়ার কথা জানান। বাড়িতে নেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার অনুরোধ করা হলেও তা এড়িয়ে গোপনে মেয়েকে বাড়িতে নিয়ে যান তিনি।
চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী একটি শিশু কীভাবে এক দিনের মধ্যে বাগেরহাটে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রুনু বেগমের দাবি, শিশুটিকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল। তবে স্থানীয় ও সচেতন মহলের কয়েকজনের মতে, এমন বয়সী শিশুকে চেতনানাশক দেওয়া হলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। এ ছাড়া মঠবাড়িয়া থেকে শরণখোলা হয়ে বাগেরহাট যাওয়ার সময় ও বাস্তবতার সঙ্গেও তাঁর বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না বলে তাঁরা দাবি করেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শামীম হাওলাদারের বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। এ সময় পরিবারের সদস্যদের বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের উপস্থিতিতে রুনু বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্থানীয় বাসিন্দাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।
সন্ধানদাতা ওই নারীর মোবাইল নম্বর জানতে চাইলে রুনু বেগম সেটি মুছে গেছে বলে জানান। তবে তাঁর ফোনে ১৫ থেকে ২০ দিনের কললিস্ট সংরক্ষিত ছিল বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিবারের সদস্যদের অসংলগ্ন বক্তব্য, তথ্য গোপন, সালমা বেগমকে হুমকি এবং দুই লাখ টাকা ফেরত আনার আকাঙ্ক্ষা—সবকিছু মিলিয়ে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে তাঁদের সন্দেহ।
এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
