সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব অপতৎপরতা আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে মোকাবিলা করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে।
বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসন চলেছে। সে সময় আলেম-ওলামারা বৈষম্যের শিকার হয়েছেন। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা অগ্নিসন্ত্রাস ও নানা অনাচারের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করতে চায়। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছিল এবং সম্প্রতি তাদের মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করেছেন। কিন্তু কিছু দুষ্কৃতকারী এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এসব কর্মকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অতীতের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ ও মত থাকবে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে বিতর্কও চলবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য আবারও গড়ে তোলার আহ্বান জানান তিনি।
