দক্ষিণী সিনেমা মাতাতে প্রস্তুত শানায়া কাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ভারতীয় সিনেমা বক্স অফিস সাফল্য ও দর্শকপ্রিয়তায় বলিউডকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে। ফলে বলিউডের অনেক তারকাই এখন দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণী সিনেমায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘হনুমান’খ্যাত পরিচালক প্রশান্ত বর্মার প্রযোজনায় নির্মিত হতে যাওয়া তেলেগু সিনেমা ‘জম্বি রেড্ডি ২’-এ অভিনয়ের জন্য শানায়াকে বিবেচনা করা হয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন তেলেগু অভিনেতা তেজা সাজ্জা। এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘জম্বি রেড্ডি’-এর সিক্যুয়েল।
জানা গেছে, সিনেমাটির একটি সংক্ষিপ্ত শিডিউলের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন শানায়া। নির্মাতাদের মতে, চরিত্রের সঙ্গে মানানসই প্রাণবন্ত উপস্থিতির কারণেই তাকে এই প্রকল্পে নেওয়া হয়েছে।
শানায়া কাপুর প্রথমে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরে বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কি গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। সিনেমাটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য না পেলেও তার অভিনয় ও পর্দা উপস্থিতি দর্শক-সমালোচকদের নজর কাড়ে।
এদিকে ২০২৬ সালে আদর্শ গৌরবের সঙ্গে শানায়ার নতুন সিনেমা ‘তু ইয়া ম্যায়’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে তার আগেই দক্ষিণী চলচ্চিত্রে সম্ভাব্য অভিষেক তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।
শানায়ার চাচাতো বোন জাহ্নবী কাপুর ইতোমধ্যেই ‘দেবরা’ ও ‘পেড্ডি’-র মতো তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। একইভাবে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিরও তেলেগু চলচ্চিত্র ‘শ্রীনিবাস মঙ্গাপুরম’-এর মাধ্যমে অভিষেকের খবর প্রকাশিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণী চলচ্চিত্রের ধারাবাহিক সাফল্য এবং বিস্তৃত দর্শকপ্রিয়তার কারণে বলিউডের নতুন প্রজন্মের শিল্পীদের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই তালিকায় শানায়া কাপুরের নাম যুক্ত হওয়ায় তার দক্ষিণী সিনেমায় যাত্রা কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
