মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য মিরপুর বাসস্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে।
তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের পরিচয় জানা যায়নি।
