সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম
সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল। ছবি: সংগৃহীত
গত দুই দিনের সহিংসতা, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শহরে দোকানপাট খুলেছে, স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহন চলাচল ও জনজীবন। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে বিজিবি। তিন দফায় মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি।
এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। শহরে ইজিবাইক, রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। দোকানপাটও খুলতে শুরু করে।
এর মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘গত দুই দিনের তুলনায় আজ পরিস্থিতি অনেক ভালো। সাধারণ মানুষও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। জনগণ নিজেদের সম্পদ ও জনজীবন রক্ষায় দায়িত্বশীল থাকলে এবং পুলিশ আইনগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরিস্থিতিতে স্বস্তি ফিরে আসবে।’
ডিআইজি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সকাল থেকেই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস-প্যাট্রোলিংসহ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং জেলার চারটি উপজেলার পৌর এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গত দুই দিনের সহিংসতার ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, ‘তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেই আইনের আওতায় আনা হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি বা অহেতুক কাউকে হয়রানি করা হবে না।’
১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেকোনো কর্মসূচিকে আমলে নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সেই অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজানো হবে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে এবং বিজিবিও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।’
জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ খোলার বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ সব বিষয়ে তৎপর রয়েছে। আইনের বাইরে কোনো কর্মকাণ্ড হলে পুলিশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে।’
অন্য জেলা থেকে বহিরাগত কেউ গোপালগঞ্জে প্রবেশ করছে কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, ‘গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোতে চেকপোস্ট চালু রয়েছে। বাইরে থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এলেও চেকপোস্টের মাধ্যমে তা শনাক্তে পুলিশ কাজ করছে।’
