×

বলিউড

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান। দেশটির অন্যতম ধনী অভিনেতাও তিনি। একাধিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে সালমানের জীবনেও এমন সময় গেছে, যখন তাঁর পরিবার সময়মতো স্কুলের ফি পরিশোধ করতে পারত না। এমনকি বেতন বকেয়া থাকায় তাঁকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছিল। কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে সেই দিনের কথা স্মরণ করেন অভিনেতা।

সালমান জানান, দুষ্টুমি করার কারণে তাঁকে প্রায়ই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। তবে একবার সম্পূর্ণ ভিন্ন কারণে তাঁকে শাস্তি পেতে হয়েছিল। সেদিন তাঁর কোনো দোষ না থাকা সত্ত্বেও তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। কারণ, স্কুলের ফি সময়মতো পরিশোধ করা হয়নি।

অভিনেতার কথায়, “আমাকে বাইরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। আমার বাবা (সেলিম খান) জিজ্ঞাসা করেছিলেন, ‘এবার কী করেছে?’ আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। বাবা শিক্ষিকার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘না, মিস্টার খান, এটা ওর দোষ নয়, আপনার দোষ।’ বাবা জানতে চান, ‘আমি কী করেছি?’ তখন শিক্ষিকা বলেন, ‘আপনাকে যে ফি দিতে হতো, সেটা সময়মতো দেওয়া হয়নি। তাই আমরা ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি।’ তখন বাবা বলেন, ‘তা হলে তো আমাকে সেখানে দাঁড় করানো উচিত।’”

এরপর সেলিম খান স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলেন এবং টাকা জোগাড় করে ফি পরিশোধের ব্যবস্থা করেন। কিন্তু মাত্র দুই সপ্তাহ পর একই ঘটনা আবারও ঘটে। এবারও ফি বকেয়া থাকায় সালমানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

এই কথোপকথনের সময় উপস্থিত ছিলেন আমির খানও। তিনিও একই স্কুলে অল্প সময় পড়াশোনা করেছিলেন। সালমানের কথা শুনে আমির বলেন, “হ্যাঁ, আমারও মনে আছে, আমার বাবা-মাও সময়মতো ফি দিতে পারতেন না। তখন প্রার্থনার সময়ে আমাদের নাম ঘোষণা করা হতো।”

বাবা সেলিম খানের সঙ্গে সালমান।

সালমানের বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের জীবনেও একসময় ছিল চরম আর্থিক অনটন। ১৯৬০-এর দশকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসার পর তাঁর সেই সংগ্রামের কথা উঠে এসেছে ‘অ্যাংরি ইয়ং মেন’ সিরিজে।

আরও পড়ুন: কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

মেরিন ড্রাইভ এলাকার একটি গেস্টহাউসে থাকতেন সেলিম। তখন অর্ধেক ঘরের জন্য মাসে ৫৫ টাকা ভাড়া দিতেন তিনি। সেই সময়ের স্মৃতিচারণ করে সেলিম বলেছিলেন, “আমার প্রথম লক্ষ্য ছিল ১১০ টাকা দিয়ে পুরো ঘরটা ভাড়া নেওয়া। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হয়নি।”

সে সময় নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন সেলিম। তখনও চিত্রনাট্যকার হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয়নি। শেষপর্যন্ত ১৯৬০-এর দশকের শেষ দিকে লেখালেখিতে মন দেন তিনি। পরে জাভেদ আখতারের সঙ্গে গড়ে তোলেন ঐতিহাসিক জুটি। সেলিম-জাভেদ জুটি একসঙ্গে ‘জঞ্জীর’, ‘শোলে’ ও ‘দিওয়ার’-এর মতো কালজয়ী ছবির চিত্রনাট্য লেখেন। একসময় তাঁরা বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া চিত্রনাট্যকারদের অন্যতম হয়ে ওঠেন।

অন্যদিকে, সালমানকেও অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করতে হয়েছিল প্রায় শূন্য থেকে। অভিনয়ে আসার আগে শশীলাল কে নায়ারের ‘ফলক’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর।

এরপর মাত্র ২৪ বছর বয়সে সূরজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার সাফল্য পায়। তবে ছবিটি সফল হওয়ার পরপরই যে তাঁর হাতে একের পর এক কাজ আসতে শুরু করেছিল, তা নয়।


এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, “‘ম্যায়নে প্যার কিয়া’ মুক্তির পর চার-পাঁচ মাস আমি কোনো কাজ পাইনি। আমার মনে হয়েছিল, আমি আর কোনো কাজই পাব না। কারণ ভাগ্যশ্রী ঠিক করেছিলেন যে, তিনি বিয়ে করবেন এবং সিনেমা ছেড়ে দেবেন।”

সেই সময়ে ছবিটির সাফল্যের বড় অংশ ভাগ্যশ্রীকে দেওয়া হয়েছিল বলেও জানান সালমান। ফলে পরবর্তী ছবিতে কাজ পাওয়ার ক্ষেত্রে তাঁকে সমস্যায় পড়তে হয়।

আরও পড়ুন: তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

পরিস্থিতি বদলাতে শেষপর্যন্ত এগিয়ে আসেন সেলিম খান। তিনি প্রযোজক জিপি সিপ্পীকে একটি ছবির জন্য সালমানকে চুক্তিবদ্ধ করার কথা প্রকাশ্যে ঘোষণা করতে বলেন। সেই ঘোষণা একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পরই নাকি সালমানের কাছে একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে।

১৯৮৯ সালে প্রথম ছবির জন্য সালমানের পারিশ্রমিক ছিল ৩১ হাজার টাকা। পরে তাঁর নিষ্ঠা ও পরিশ্রম দেখে সেই পারিশ্রমিক বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়। সালমান আরও জানান, মাত্র ১৪ বছর বয়সে মুম্বাইয়ের ‘তাজ হোটেল’-এ একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে পারফর্ম করে তিনি পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা।

বর্তমানে সালমান তাঁর পরবর্তী ছবি ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকার বেশি। ছবিটি দীপাবলির পর মুক্তি পেতে পারে বলে খবর। পাশাপাশি নয়নতারার সঙ্গে একটি নতুন ছবির কাজও করছেন তিনি।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App