ঢাকা আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের সিট দখলকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হলের সিট দখল নিয়ে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনা নিয়ে দুই সংগঠন ভিন্ন ভিন্ন দাবি করেছে। ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবির পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিস্থিতি তৈরি করছে এবং আলিয়া মাদ্রাসার ঘটনাও তারই অংশ।
একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে প্রায় একই সময়ে ঢাকা কলেজেও ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষ আপাতত থেমে গেলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হলের সিট দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হলেও বিকেল ৪টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়। এরপর কয়েক দফায় থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
