×

ক্যাম্পাস

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ছবি প্রদর্শনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন ব্যক্তিদের ছবি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে কর্তৃপক্ষের এ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামের এক সাবেক শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য অনুমোদন ছাড়া একটি ওয়েবসাইট চালুর বিষয়েও আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য অনুমোদন ছাড়া ওয়েবসাইট চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন: ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষক মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি, সংগঠন বা ছাত্র সংসদ নিজেদের উদ্যোগে পৃথক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে পারে না। একই সঙ্গে ওয়েবসাইট চালু করে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করাও আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


ঢাবি কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়নের জন্য নিজস্ব টিচিং ইভালুয়েশন নীতিমালা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত ওই নীতিমালা বর্তমানে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, অনুমোদিত নীতিমালার বাইরে গিয়ে পৃথক কোনো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার শামিল। তাই ডাকসুর এমন কর্মকাণ্ডকে ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দ্বৈত প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে’

এতে বলা হয়, ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও এর সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই পরিচালিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে কোনো সমান্তরাল কাঠামো বা প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ কিংবা পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App