চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। আবাসিক হল বন্ধ হওয়ার পরও উপাচার্য পুনর্বহালের দাবিতে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদে ফেরার অনুমতি দেওয়া হয়। একই দিনে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
