স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীতে স্লিপার বাস চলাচলের বৈধতা ও নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তারা। পরে আন্দোলনকারীরা বিআরটিএ কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেন।
এর আগে সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা বিআরটিএ কার্যালয়ের দিকে যান।
যেসব দাবি মালিক সমিতির
সমিতির নেতারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে এসব বাসের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ না করার দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া স্লিপার বাস খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ফিটনেস ও রুট পারমিট-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।
আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও বাস আটক বন্ধ করার দাবিও রয়েছে তাদের।
শত কোটি টাকার বিনিয়োগের দাবি
মালিক সমিতির নেতারা দাবি করেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত।
তাদের ভাষ্য, কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া স্লিপার বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন। তাই বাসগুলো বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
কার্যকর নীতিমালা চান মালিকরা
স্লিপার বাস মালিক সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। আধুনিক এই পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা উচিত।
তাদের প্রস্তাব, বিআরটিএর সঙ্গে সমন্বয় করে স্লিপার বাসের জন্য একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হোক।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চালানোর অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
