উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় অবৈধ দখলদার ও হকারদের সঙ্গে ডিএনসিসি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ হকাররা সিটি কর্পোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
আরো পড়ুন: তৃতীয় দফা কমানোর পর স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
