×

চট্টগ্রাম

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:২৬ পিএম

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রাজিব আহমেদ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুরাদনগর থানায় আনা হলে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাজিব আহমেদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি নিজেকে একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের ‘সাংবাদিক’ হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে আসছিলেন। শুধু তাই নয়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করতেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, রাজিব বিভিন্ন সময় ফোন করে অর্থ দাবি করতেন। চাহিদামতো টাকা না দিলে ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের ভয় দেখাতেন বলেও অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী।

পুলিশ সূত্র জানায়, রাজিব আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে রাজিব আহমেদকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে মুরাদনগর থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App