আওয়ামী নাশকতা: মূল হোতা ও অর্থদাতাদের তালিকা প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরেক গাড়িচালক।
গত শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের মামলার বাদী এসআই মোসলেম আলীকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দফায় দফায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দিনভর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে নাশকতার পরিকল্পনা, বিস্ফোরক সরবরাহ এবং অর্থের জোগান নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি স্তরে বিভক্ত হয়ে এসব কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছে। এতে কথিত মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ থেকে শুরু করে মাঠপর্যায়ের সরবরাহকারী ও অর্থদাতাদের নাম উল্লেখ রয়েছে। তবে তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সূত্রের দাবি, নাশকতার নেপথ্যে থেকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও ১১ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম রয়েছেন।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও ওই তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাশকতার কর্মকাণ্ডে মধ্যম পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনের নাম গোয়েন্দা তালিকায় উঠে এসেছে। তাঁরা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।
গোয়েন্দা প্রতিবেদনে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে নাশকতার অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম রয়েছে।
নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের অর্থদাতা হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম রয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ-সমর্থক বড় ব্যবসায়ীরাও এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের বাইরে থেকে কয়লাবাহী ট্রাকে করে ককটেল ও বিস্ফোরক তৈরির উপাদান বাংলাদেশে আনা হচ্ছে। এ কার্যক্রম আওয়ামী লীগ-সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ক্ষেত্রে বুড়িমারী ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ছাড়াও সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা ব্যবহারের তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনের দাবি, বাইরে থেকে আনা উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের নৌকাসহ বিভিন্ন দুর্গম স্থানে ককটেল তৈরি করা হচ্ছে। পরে এসব ককটেল রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় একত্র করা হয়। সেখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ককটেল বিতরণের সময় কয়েকজন আওয়ামী লীগপন্থি গার্মেন্ট মালিক এসব কর্মকাণ্ডের জন্য অর্থ বিতরণ করেন বলেও গোয়েন্দা নথিতে উল্লেখ রয়েছে।
কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো গত অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচি চালিয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে রাতের আঁধারে কিংবা ছোট পরিসরে এসব কর্মসূচি পালন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংগৃহীত গোয়েন্দা বা দাপ্তরিক পরিসংখ্যান বিশ্লেষণে দলটির সাংগঠনিক ও অন্যান্য তৎপরতার চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মোট ৫৭টি তৎপরতার ঘটনা রেকর্ড করা হয়। নভেম্বরের প্রথম ১৪ দিনেই এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮১টিতে।
অক্টোবরে ২২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে ৪০টিতে পৌঁছায়। একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ৪টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়ায়। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছিল। নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মশাল মিছিল বেড়ে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টিতে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নাশকতামূলক কর্মকাণ্ডে মাঠপর্যায়ের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিল, কেক কাটা কিংবা জন্মদিন পালনের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে সাতটি থাকলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে।
এ ছাড়া চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে এসব তৎপরতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।
এদিকে রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সিসিটিভি ফুটেজ ও আসামিদের জবানবন্দিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
সূত্রের দাবি, এসব ঘটনায় বস্তির মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং পুলিশের সাবেক ও পলাতক কর্মকর্তাদের কাছে বস্তির অপরাধীদের তালিকা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। গত ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় এবং মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে। আদালতে দেওয়া হৃদয়ের জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল।
এ ছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। ওই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অনুসন্ধানে আরও জানা গেছে, কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
