জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক পরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং নীতিনির্ধারণী কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞদের যুক্ত করতে সাংগঠনিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন পেশার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তাভাবনা চলছে।
এতদিন জামায়াতের নীতিনির্ধারণী ফোরামগুলোতে কেবল শপথপ্রাপ্ত সদস্য বা রুকনদের অংশগ্রহণের সুযোগ ছিল। তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে রুকন না হয়েও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরামর্শ দেওয়ার সুযোগ পেতে পারেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে জামায়াতের গঠনতন্ত্র সংশোধন কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি এ বিষয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দলের নির্বাহী পরিষদও বিষয়টিতে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের গণমাধ্যমকে বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটির পূর্ণাঙ্গ মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রমতে, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে।
বর্তমানে জামায়াতের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার মাধ্যমে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, এসব ফোরামে অংশ নিতে হলে শপথপ্রাপ্ত রুকন হওয়া বাধ্যতামূলক। ফলে বাইরের বিশেষজ্ঞদের এসব ফোরামে যুক্ত হওয়ার সুযোগ নেই।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি এ বিষয়ে কাজ করছে। সংশোধনের প্রস্তাব চূড়ান্ত হলে তা দলের বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল জুবায়ের বলেন, দলের ছায়া মন্ত্রিসভায় বড় একটি টিম কাজ করছে। সেখানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন। তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
তিনি জানান, সরকারের ভুলত্রুটি চিহ্নিত করার পাশাপাশি জামায়াত ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংশ্লিষ্ট সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে টেকসই সমাধান খোঁজা হচ্ছে। জামায়াতকে আরও গণমুখী দলে পরিণত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় প্রথমে সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর তা রুকন সম্মেলনে পাস করাতে হবে।
কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
