×

চট্টগ্রাম

সন্তানকে বাঁচাতে মহাসড়কে মায়ের ঝাঁপ, গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

Icon

নন্দন রায়, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২০ পিএম

সন্তানকে বাঁচাতে মহাসড়কে মায়ের ঝাঁপ, গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ২২ মাস বয়সী কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ (BMA) গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জাকারিয়া হোসেনের স্ত্রী তারিন আক্তার (৩০) ও তার ২২ মাস বয়সী শিশু কন্যা ইয়াশা।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডের ভাটিয়ারী পর্যটন এলাকায় ঘুরতে বের হয়েছিলেন তারিন আক্তারের স্বামী জাকারিয়া হোসেন। দিনভর আনন্দঘন সময় কাটিয়ে রাতে তারা মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ অসাবধানতাবশত তাদের ২২ মাসের শিশু কন্যা ইয়াশা মহাসড়কের ওপর ছিটকে পড়ে যায়।

নিমেষের মধ্যে চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে মহাসড়কে পড়ে যেতে দেখে মা তারিন আক্তার মাতৃস্নেহের টানে চলন্ত মোটরসাইকেল থেকেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েন। সন্তানকে বুকে জড়িয়ে মহাসড়ক থেকে তুলে বাঁচানোর শেষ চেষ্টা করার মুহূর্তেই, পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাদের দুজনকে নির্মমভাবে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় মা ও শিশুকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তারিন আক্তারকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট শিশু ইয়াশাও। চোখের পলকে স্ত্রী ও সন্তানকে হারিয়ে স্তব্ধ ও নির্বাক হয়ে পড়েছেন স্বামী জাকারিয়া হোসেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মা ও শিশুকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

অর্থ উপদেষ্টা সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

মির্জা ফখরুল ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App