চাঁদপুরে এক ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই বড় আকারের ইলিশের এমন উচ্চমূল্য বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হয়। পরে ঢাকার ব্যবসায়ী অনিক মাছটি কিনে নেন।
চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, ইলিশটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম নির্ধারিত হয় ৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম দাঁড়ায় ৭ হাজার ৬২৫ টাকা এবং মোট বিক্রয়মূল্য হয় ২২ হাজার ৭৯৮ টাকা।
তিনি বলেন, বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকলেও এর চাহিদা অনেক বেশি। এ কারণেই মাছটি এত ভালো দামে বিক্রি হয়েছে।
বাজার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়া এলাকার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ইলিশটি ধরা পড়ে। পরে বেশি দামের আশায় সেটি চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হলে প্রত্যাশামতো উচ্চমূল্যে বিক্রি হয়।
আড়ত-সংশ্লিষ্টরা জানান, ইলিশের মূল মৌসুম এখনো পুরোপুরি শুরু না হলেও দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ইতোমধ্যে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। তবে বড় আকারের ইলিশ তুলনামূলক কম পাওয়ায় এর দাম বেশি রয়েছে।
সম্রাট বেপারী আরও বলেন, মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। বর্তমানে বড় ইলিশের সরবরাহ সীমিত থাকায় এর বাজারমূল্যও বেশি।
মাছ ব্যবসায়ীদের মতে, বর্ষা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দামের ভারসাম্য ফিরতে পারে। তবে এখন সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদার কারণে বড় আকারের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।
