চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহণের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি গাড়িকে ওভারটেক করার সময় ঢাকাগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
