সন্দেহভাজন আটক
মোবাইল ফোনের জন্য অপ্রতীমকে হত্যা: পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে একটু হাঁটা, দুটো ছবি তোলা—কৈশোরের আর দশটা সাধারণ আনন্দের মুহূর্ত যে এভাবে রক্তে ভেসে যাবে, তা হয়তো স্বপ্নেও ভাবেনি ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতীম। বন্ধুদের সাথে হাসিমুখে বের হওয়া সেই শিশুটি আর ঘরে ফেরেনি; ফেরেনি তার রঙিন কোনো ছবিও। সেই অবুঝ আনন্দের সখটাই শেষ পর্যন্ত তার জন্য হয়তো কাল হয়ে দাঁড়াল।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতীমের লাশ উদ্ধারের পর একে হত্যাকাণ্ড ধরে নিয়েই এগোচ্ছে পুলিশের তদন্ত। এমনটাই জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারের খবরও দিয়েছেন তিনি।
কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের (নাহিদা নাহিদ নামে যিনি লেখালেখি করেন) একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয়ের পাশের কোটবাড়ি এলাকায় তাদের বাসা।
আরও পড়ুন: আইফোন উধাও, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ
২০ ঘণ্টা পর আজ দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গলে অপ্রতীমের মরদেহ পাওয়া যায়। কয়েকজন শ্রমিক জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে অপ্রতীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে অন্যদের খবর দিয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মোবাইল ফোনের জন্যই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটকের কথা জানিয়ে ওসি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য অপ্রতীমের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
