কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
কিশোর গ্যাং ও বখাটেদের দমনে মাত্র ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ১৪ থেকে ১৮ বছর বয়সী মোট ২৪৪ জনকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা রয়েছে-এমন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ, গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাংদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও কম নয়। প্রায়ই কিশোর গ্যাংদের মধ্যে মারামারিসহ নানা অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় একযোগে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের শুরুতে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
আরো পড়ুন: মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর ওরায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও মো. নিজাম উদ্দন ভূইয়া বাসস’কে বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য-যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
