কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক তিন শতাধিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় আরো ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জেলার ১৮টি থানাতেই একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাংয়ের নিয়মিত আড্ডা, উৎপাত রয়েছে এবং অপরাধপ্রবণ বলে চিহ্নিত এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে পরিচালিত চতুর্থ দফার এই অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
আরো পড়ুন: স্ত্রীকে হারিয়ে ক্ষোভে নিজ শরীরে আগুন দিল যুবক
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান প্রতিনিয়ত চলবে।’
প্রসঙ্গত, এর আগে পরিচালিত তিন দফায় মোট ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়েছিল। আটকদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আর বাকিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
