গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
ফাইল ছবি
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
