বিজিএমইএর তথ্য
শ্রমিক অসন্তোষে ছুটি ঘোষণা ৫২৯ পোশাক কারখানায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চলমান শ্রমিক অসন্তোষের জেরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলে সংগঠনটির আওতাধীন ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে খোলা ছিল ১ হাজার ৮১৬টি।
সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর এলাকায় ৩২০টি কারখানার মধ্যে ৬৮টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ সংখ্যা ৫১ হাজার ৬২৫ জন।
গাজীপুর ও ময়মনসিংহ শিল্পাঞ্চলে ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির শ্রমিক কাজ বন্ধ করে বেরিয়ে যান। এ দুই এলাকায় এমন শ্রমিকের সংখ্যা ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন।

অন্যদিকে সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ অঞ্চলে এমন শ্রমিকের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২০৫ জন।
এ ছাড়া নারায়ণগঞ্জের ১৯৭টি এবং চট্টগ্রামের ৩৪০টি কারখানার তথ্যও দিয়েছে বিজিএমইএ। তবে এ দুই শিল্পাঞ্চলে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
বিজিএমইএর সারসংক্ষেপে বলা হয়েছে, সংগঠনটির আওতাধীন মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৮১৬টি খোলা ছিল। শ্রমিক অসন্তোষের কারণে ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিক অসন্তোষে একদিকে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে একের পর এক কারখানা বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে। এতে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
