×

সারাদেশ

সাংবাদিকের বিরুদ্ধে ৪৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম

সাংবাদিকের বিরুদ্ধে ৪৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা

বাংলা ভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মহিবুল্লাহ। ছবি: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মহিবুল্লাহর বিরুদ্ধে ৪৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত নালিশী মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৭ আগস্ট) সকালে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব মিয়া ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান সিকদার এ আদেশের সত্যতা স্বীকার করেছেন।

এর আগে উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের আবদুল লতিফ শরীফ বংশ পরস্পরায় তার ৭০ বছরের ভোগদখলীয় কুয়াকাটা মৌজার বিএস খতিয়ান নং ১০৩৯, জমি খারিজ খতিয়ান নং-১৭৯৫, বিএস দাগ নং ৩২৭৯, জমির পরিমান ০.০৪৫০ একর জমি নিয়ে সাংবাদিকের ক্ষমতার অপব্যবহার করে চাঁদা দাবির এ মামলা দায়ের করেন। মামলায় বাংলা ভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মহিবুল্লাহ, প্রাইভেট ব্যাংক আল ফারাহ ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রবসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়, সাংবাদিক মহিবুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন ধরে তার নিজ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সহজ-সরল সাধারণ মানুষকে জিম্মি করে মামলায় বর্ণিত আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের যোগসাজশে জমি দখলসহ সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে অবৈধভাবে রাতারাতি দামি গাড়ি, ফ্লাট-বাড়িসহ বিপুল পরিমান বিত্ত বৈভবের মালিক বনে গেছেন।

মামলায় আরও বলা হয়, ২৪ আগস্ট বিকাল অনুমান ৩টার দিকে বাদী তার কুয়াকাটা মৌজার ভোগদখলীয় জমিতে দেখাশুনার জন্য গেলে আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকারভাবে বাদীর ভোগদখলীয় জমিতে প্রবেশ করে ০.০৪৫০ একর জমি যার বর্তমান মূল্য ৪৫ লাখ টাকা চাঁদা হিসেবে তাদের নামে লিখে দেয়ার দাবি করে।

বাদী রাজী না হওয়ায় আসামি মহিবুল্লাহ নিজেকে সরকারি দল ঘরানার একজন বড় সাংবাদিক বলে দাবি করে তার কথায় বাঘে-মহিষে এক ঘাটে পানি খায় বলে বাদীকে বলেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সাথে থেকে তার (প্রধানমন্ত্রীর) নিউজ কাভার করেন, জমি কীভাবে নিতে হবে তা তার জানা আছে বলে বাদীর গলা চেপে ধরেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক মহিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, তিনিসহ তার বন্ধুরা কুয়াকাটায় জায়গা ক্রয় করেছেন। ক্রয়ের পর তারা বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। দীর্ঘ কয়েক বছর পর জনৈক লতিফ শরীফ ও তার ছেলে রহমান ওই জমি তাদের বলে দাবি করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ২৪ আগস্ট তিনি বাদী হয়ে তাদের নামে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন। যা আদালত ওসি, মহিপুর থানাকে তদন্তে ও নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App