ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
ছুটির দিনের সকালে দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন এবং বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
সিলেটের ওসমানীনগরে শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
আরও পড়ুন : সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন : সাতসকালেই সড়কে প্রাণ গেল ৬ জনের
এ সময় সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
