×

ক্রিকেট

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

ডারউইনে প্রথম টেস্টের প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের পেস আক্রমণ। লাঞ্চে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান।

নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার জেইক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। শেষ পর্যন্ত দুজনকেই ফেরান হাসান মাহমুদ।

৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়েদারাল্ডের বিদায়ে। অফ স্টাম্পের বাইরে চওড়া বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। উইকেটের পেছনে লিটন দাস সহজ ক্যাচ নিলে ৩৭ বলে চার চারে ২৩ রান করে ফেরেন ওয়েদারাল্ড।

পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। বাড়তি বাউন্সে বিভ্রান্ত হয়ে ব্যাটের কানায় বল লাগান ট্রাভিস হেড। বল প্যাডে লেগে সেখান থেকে স্টাম্পে আঘাত করলে ৩৯ বলে ২২ রান করে বোল্ড হন এই ওপেনার।

এরপর মার্নাস লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ বাড়ান এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে দ্বিধায় পড়ে ব্যাটের কানায় বল লাগান লাবুশেন। দ্বিতীয় স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচ নিলে ২০ বলে মাত্র ১ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন: ফুটবল থেকে মেসির অনির্দিষ্টকালের বিরতি

তবে স্টিভেন স্মিথকে অল্প রানে ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবাদতের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন স্মিথ। কিন্তু তানজিদ হাসান তা তালুবন্দী করতে পারেননি। পরে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে আল্ট্রাএজে কোনো স্পাইক না থাকায় সেই রিভিউও ব্যর্থ হয়।

স্মিথের দুই দফা বেঁচে যাওয়ার পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু লাঞ্চের ঠিক আগে আবারও উইকেট তুলে নেয় বাংলাদেশ।

এবার তাসকিন আহমেদের শিকার হন ক্যামেরন গ্রিন। শর্ট অব গুড লেংথের বলটি শরীরের দিকে ঢুকে আসছিল। সামনে গিয়ে খেলতে চেয়েছিলেন গ্রিন, কিন্তু ব্যাটের মুখ ঘুরে বল উঠে যায় শর্ট মিডউইকেটে। সেখানে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। ১৩ বলে ৭ রান করে ফেরেন গ্রিন।

ফলে প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৭৪ রান। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের পেস আক্রমণে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিক ব্যাটিং লাইনআপ। টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ যে শুরু চেয়েছিল, প্রথম সেশনে তার চেয়েও ভালো ফল পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App