ফুটবল থেকে মেসির অনির্দিষ্টকালের বিরতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম
ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপের পর বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাবাকে হারানোর পর আপাতত ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইন্টার মায়ামিও মেসিকে শোক কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানিয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবরের পর থেকেই মেসির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। সতীর্থ ও কোচিং স্টাফরাও এই কঠিন সময়ে দলের অধিনায়কের প্রতি সমর্থন জানিয়েছেন।
মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক লিগস কাপের ম্যাচে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানায় ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় প্রদর্শন করা হয় হোর্হে মেসির নাম। পাশাপাশি মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
গ্যালারিতেও ছিল আবেগঘন পরিবেশ। সমর্থকেরা পতাকা হাতে মেসির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। দশম মিনিটে গ্যালারিতে ‘শক্ত থাকো, লিও’ লেখা ব্যানারও প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: ব্যাগ বিক্রি থেকে রোনালদোর স্ত্রী, যেভাবে বদলে গেল জর্জিনার জীবন
ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োসও মেসির বাবার মৃত্যুতে দলের শোকের কথা জানিয়েছেন। তাঁর মতে, ঘটনাটি পুরো দলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে অনেক সময় সান্ত্বনা দেওয়ার মতো উপযুক্ত শব্দও খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
মেসি কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে অবশ্য কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শোক কাটিয়ে ওঠার জন্য মেসিকে প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া হবে।
এদিকে, ইন্টার মায়ামির সামনে ২০২৬ লিগস কাপে ক্লাব লিওনের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত মেসির মাঠে ফেরার সিদ্ধান্ত তার ব্যক্তিগত ও মানসিক অবস্থার ওপরই নির্ভর করছে।
এরই মধ্যে মেসি বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তায় নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন। হোর্হে মেসি তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
