মিরাজের জাদুতে অস্ট্রেলিয়া কোণঠাসা, জয়ের কাছে টাইগাররা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম
ছবি : সংগৃহীত
ডারউইন টেস্টের চতুর্থ দিনের সকালে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। এক সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেছেন তিনি।
চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর ৫৯.৩ ওভারে প্রথম আঘাত হানেন মিরাজ। তার বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লিটন দাসের হাতে জমা পড়ে। ৭২ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। এতে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভাঙে।
এরপর অর্ধশতক পূর্ণ করেন গ্রিন। ৬১তম ওভারের শেষ বলে তিন রান নিয়ে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন তিনি। সর্বশেষ ১৩ ইনিংসে এই প্রথম পঞ্চাশের ঘরে পৌঁছালেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
তবে এরপরই আবারও মিরাজের ঘূর্ণিতে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। আগের বলগুলোতে টার্ন থাকলেও এবার বল সোজা হয়ে যায়। সেটি ভেতরে ঢুকবে ধরে নিয়ে ব্যাট চালান বো ওয়েবস্টার। কিন্তু বল সরাসরি স্টাম্পে আঘাত করলে মাত্র ৫ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।
আরও পড়ুন: ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড
এরপর ক্রিজে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। মিরাজের অফ স্টাম্পের বাইরের একটি বলে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দেন কামিন্স। শর্ট লেগে থাকা সাদমান ইসলাম দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান। ৩২ বলে ৮ রান করেন অস্ট্রেলীয় অধিনায়ক।
সকালের সেশনেই তিনটি উইকেট নিয়ে মিরাজ অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে চাপে ফেলে দিয়েছেন। ইনিংস হার এড়াতেও এখন অস্ট্রেলিয়ার সামনে রয়েছে অল্প রানের ব্যবধান।
ফলে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার শেষ দিকের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসতে পারে।
